মাঝ পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১
শরীয়তপুরের জাজিরার কাছে শেষ রাতে দুই ফেরির সংঘর্ষ হয়েছে। তাতে একজন পিকআপ ভ্যান চালক মারা গেছেন। আর একজন চালক ছিটকে পানিতে পড়েছেন। তিনি নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। দুই ফেরি ক্ষতিগ্রস্ত অবস্থায় যার যার গন্তব্যে পৌঁছায়।
শনিবার রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুর টার্নিংয়ের কাছে এই ঘটনা ঘটে। লৌহজং থানার এএসআই শাখাওয়াত হোসেন এই তথ্য জানান।
বেশ গতির সঙ্গে দুই ফেরির একে অন্যের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দুটি ফেরিরই আঘাত লাগা অংশ দুমড়ে-মুচড়ে গেছে। একটি ফেরিতে থাকা কমপক্ষে ৫টি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, ফেরি দুটির নাম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া। ফেরি বেগম রোকেয়া শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যাচ্ছিল। এই ফেরিতে ছিল ৩৪টি যানবাহন। আর ফেরি সুফিয়া কামাল শরীয়তপুরের মাঝিরকান্দি থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। ৩০টি যানবাহন ছিল ফেরিটিতে। দুই ফেরি মিলে যাত্রী ছিল শতাধিক।
পদ্মা নদীর শরীয়তপুর টার্নিংয়ের কাছে দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুই চালকই জানান, তারা ঘুমাচ্ছিলেন। ফেরি চালনার দায়িত্ব দিয়েছিলেন সেকেন্ড মাস্টারের হাতে।
যে পিকআপ চালক মারা গেছেন তার নাম খোকন। বয়স ৪০। তার বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায়। ফেরি সুফিয়া কামালে ছিল তার গাড়ি।
তবে লৌহজং থানার এএসআই শাখাওয়াত হোসেন জানান, বিরাট এক বিপদ থেকে ফেরি দুটি বেঁচে গেছে। তিনি বলেন, ‘‘দুর্ঘটনার পর ফেরি দুটি যার যার গন্তব্যের ঘাটে নোঙ্গর করতে সক্ষম হয়। তাতে আরও বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।’’