লঞ্চের ডেক-চেয়ারের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলো
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার প্রেক্ষাপটে লঞ্চে ডেক-চেয়ারে ভাড়া বাড়ল ৬০ শতাংশ। তবে কেবিনের ক্ষেত্রে কোনো ভাড়া বাড়বে না। বর্ধিত ভাড়া গতকাল (বুধবার) থেকেই কার্যকর হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এজন্য সামাজিক দূরত্ব মেনে লঞ্চ ও স্টিমারে যাত্রী পরিবহন করতে হবে। এক্ষেত্রে লঞ্চ মালিকদের লোকসান পোষাতে ডেক ও চেয়ারের ভাড়া বাড়ানো হয়েছে ৬০ শতাংশ। বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব নির্দেশনার কথা জানান।
নির্দেশনায় তিনি বলেছন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ছাড় নয়। ডেক এবং চেয়ারে ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে লঞ্চের চালক, সুপার ভাইজার ও মাস্টারের প্রতি যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের আহবান জানান নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চ চালালে মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।