লাদাখে যারা নজর দিয়েছে ভারত তাদের উপযুক্ত জবাব দিয়েছে : মোদি
লাদাখে ভারতীয় ভূখণ্ডের ওপর যারা নজর দেয়ার সাহস করেছিলো তাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রতি মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৬৬ তম পর্বে এসব কথা বললেন নরেন্দ্র মোদি।
মোদি বলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে ভারত তাদের উপযুক্ত জবাব দিয়েছে। তিনি মন্তব্য করেন ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমনই শত্রুদের জবাব দিতে জানে। আমাদের সাহসী সেনারা নিশ্চিত করেছে যে, তারা আমাদের মাতৃভূমির কোনো ক্ষতি হতে দেবে না।
গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন মোদি। তিনি বলেন, সাহসী পুত্রদের সর্বোচ্চ ত্যাগ এবং দেশের প্রতি তাদের অনুভূতিতে পরিবারের সদস্যরা গর্ববোধ করছেন। সাহসী ওইসব সেনাদের কাছে মাথা নত করি আমরা। তারা দেশকে নিরাপদে রেখেছেন। তাদের আত্মত্যাগ দেশবাসী সবসময় স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি।