কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার বিচার শুরু হয়েছে
গত বছর যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিচার শুরু হয়েছে। পুলিশের কর্মকর্তা ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ৯ মিনিট ধরে বসে আছেন। গত বছর একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলো।
এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। তবে, চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এ মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।
এই বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যে ১৪ জন জুরি বিচারে অংশ নিচ্ছেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। ১৪ জন জুরির সবাই যদি সর্বসম্মত সিদ্ধান্তে আসেন, কেবল তবেই ডেরেক চাওভিনকে দোষী বলে রায় দেওয়া যাবে। জুরিদের মধ্যে ৬ জন শ্বেতাঙ্গ নারী, ৩ জন কৃষ্ণাঙ্গ পুরুষ, ২জন শ্বেতাঙ্গ পুরুষ, ২ জন মিশ্র বর্ণের নারী এবং ১জন কৃষ্ণাঙ্গ নারী।
পুলিশ কর্মকর্তা চাওভিন যেভাবে হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডকে মাটিতে চেপে ধরে রেখেছিলেন, সেই ভিডিও আদালতে দেখানো হয়। যখন এই ভিডিওটি দেখানো হচ্ছিলো, তখন জুরিরা হাতকড়া পরা অবস্থায় মাটিতে পড়ে থাকা জর্জ ফ্লয়েডের গোঙানি শুনতে পান। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো এবং পাশে দাঁড়িয়ে থাকা লোকজন পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে বার বার অনুরোধ করছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য।
বাদীপক্ষের কৌঁসুলি জেরি ব্লাকওয়েল বলেন, ৯ মিনিট এবং ২৯ সেকেন্ড। এত লম্বা সময় ধরেই এ ঘটনা ঘটেছিল।
আদালতে যখন ভিডিওটি দেখানো হচ্ছে, তখন ডেরেক চাওভিন গ্রে স্যুট এবং নীল টাই পরে আসামিপক্ষের টেবিলে বসে ছিলেন। তাকে একটি হলুদ প্যাডে নোটও নিতে দেখা যাচ্ছিল।
বাদীপক্ষের কৌঁসুলি জেরি ব্লাকওয়েল তার যুক্তি-তর্ক শুরু করেন এই বলে যে, ৪৪ বছর বয়সী ডেরেক চাওভিন পুলিশ কর্মকর্তা হিসেবে তার ব্যাজের সম্মান রক্ষা করেননি, কারণ তিনি জর্জ ফ্লয়েডের ওপর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন, অযৌক্তিক বল প্রয়োগ করেছেন। ‘তিনি তার হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় এবং পিঠ চেপে ধরে রেখেছিলেন, তার শেষ নিশ্বাসটি বেরিয়ে না যাওয়া পর্যন্ত। ’
যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসারদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আনা হয়, তখন তাদের সাজা পাওয়ার ঘটনা খুবই বিরল।