করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গ্রামীণ ব্যাংকের জামাল উদ্দিন
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন।শুক্রবার দিবাগত রাত ২টার সময় নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর। গ্রামীণ ব্যাংক থেকে এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ ৩৫ বছর গ্রামীণ ব্যাংকে কর্মরত থেকে গ্রামীণ পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছেন জামাল উদ্দিন। শনিবার সকাল ৮টায় গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলায় চাওনা গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রামীণ ব্যাংক পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।