শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোতয়ালী থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

অনলাইন নিউজ পোর্টাল • 17 নভেম্বর 2020, 05:17 বিকাল • 302 বার পঠিত
কোতয়ালী থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত  (ওসি) সহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ঢাকা সিএমএম আদালতে মামলা করেছেন মো. রহিম নামের এক ব্যবসায়ী। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।

আসামিরা হলেন- কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান, এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও শহিদুল ইসলাম এবং সোর্স দেলোয়ার হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। মামলার বাদী মো.রহিম এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী রহিম গত ১২ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে চরকালিগঞ্জ জেলা পরিষদ মার্কেট থেকে বাসায় ফিরছিলেন। রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ব্রীজের ওপর আসলে অজ্ঞাতনামা তিনজন লোক তার গতিরোধ করেন। তারা নিজেদের ঢাকা জেলার ডিবি পুলিশ পরিচয় দেয়। রহিমের নামে ডিবিতে মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানায়। পরে তারা রহিমকে একটি দোকানে নিয়ে তল্লাশি করে। তবে তার কাছ থেকে কিছু উদ্ধার করতে পারেনি। দোকানে উপস্থিত লোকজন রহিমকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।


তারপরও তারা রহিমকে দোকান থেকে বের করে নিয়ে যায়। ওই অজ্ঞাতনামা তিনজন রহিমকে সিএনজিতে করে নিয়ে বাবু বাজার ব্রীজের কাছে নিয়ে যায়। সেখানে এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও সোর্স দেলোয়ার উপস্থিত ছিল। এ তিন আসামি তাদের কাছ থেকে ৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট বের করে বলে এগুলো রহিমের কাছ থেকে পাওয়া গেছে।

আনিসুল ইসলাম বলেন, যদি ফাঁসতে না চাস তাহলে দুই লাখ টাকা জোগাড় কর। না হলে মাদক ব্যবসায়ী সাজিয়ে মামলায় ফাঁসিয়ে দিবো। এ থেকে বাঁচার জন্য রহিম তার কাছে থাকা এক ভরি স্বর্ণের চেইন, নগদ ১৩ হাজার টাকা তুলে দেয়। দাবিকৃত দুই লাখ টাকা দিতে না পারায় তারা রহিমকে রাত সোয়া ৯টার দিকে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রহিম তাদের ৫০ হাজার টাকা দেয়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে ওসি মিজানুর রহমান রহিমকে ডেকে নেন। তাকে বলেন, তোকে বাঁচিয়ে দিলাম। ছোট মামলা দিলাম, দুই একদিনের মধ্যে বের হয়ে আসতে পারবি।

অভিযোগ থেকে আরও জানা যায়, দাবিকৃত দুই লাখ টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে ১০ পিচ ইয়াবার মামলা দিতে আদালতে প্রেরণ করে। ১৭ দিন জেলে থেকে ৩০ অক্টোবর মুক্তি পান রহিম। মামলাটি আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ওসি মিজানুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন কাপড় ব্যবসায়ী মো. সোহেল। পরে অজ্ঞাতকারণে মামলাটি প্রত্যাহার করে নেন বাদী।

সুত্রঃ আমাদের সময়