কানাডা বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির ইফতার বিতরণ
ক্যালগেরিতে অবস্থানরত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং স্থানীয় ছাত্র ছাত্রীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’-এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।
‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’র নির্বাহী কমিটির সদস্যরা ছাত্র-ছাত্রীদের বাড়িতে বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেন। ক্যালগেরির স্থানীয় ব্যবসায়ী ইকবাল রহমান ইফতার স্পন্সর করেন।
বিএসএস’র প্রেসিডেন্ট সাফওয়ান জামাল এবং রাইদ মোর্শেদ বলেন, পবিত্র রমজান মাসে সবার সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল আমাদের এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আরো বলেন, শুধু ইফতারি নয়, বাঙালি স্টুডেন্টদের পড়ালেখা এবং তাদের মেধার উন্নয়ন ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কাজ করছি। সেই সাথে আমাদের কর্মের মাধ্যমে বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে তুলে ধরতে চাই।
বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখতে এবং পবিত্র মাহে রমজানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং স্থানীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতার বিতরণে ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’ এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এখানে অংশগ্রহণ করতে পেরে খুব গর্ব অনুভব করছি।
প্রবাসী বাঙালি সন্তানদের উদ্যোগে কানাডায় ইউনিভার্সিটি অব ক্যালগেরির বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটি গঠিত। সংগঠনটি কানাডার ক্যালগেরিতে বাঙালি স্টুডেন্টদের তাদের নিজেদের মধ্যে স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ও পড়ালেখার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশ থেকে আসা স্টুডেন্টদেরও সহযোগিতা করে থাকে।