কালকিনিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মিলাদ শেষে মিষ্টি বিতরণ
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারসংলগ্ন একটি সেতু থেকে মিছিলটি শুরু হয়ে প্রায় ২০০ মিটার দূরেই শেষ হয়।
এর আগে স্থানীয় একটি বিদ্যালয়ের কক্ষে দলটির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে সেই মিলাদে ব্যবহৃত ব্যানার নিয়েই মিছিলটি করা হয়।
উল্লেখযোগ্য যে, গত বছর ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এটিই কালকিনিতে আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিল। এর আগে মাদারীপুর সদরেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে কয়েকটি ঝটিকা মিছিল হয়।
মিছিলের ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে।’
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মিছিলে অংশ নেওয়া ২৩–২৫ জনের মধ্যে কেউই পরিচিত আওয়ামী লীগ নেতা বা কর্মী নন। অংশগ্রহণকারীদের মধ্যে শিশু ও বিভিন্ন বয়সের মানুষ ছিলেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) চাতক মারমা বলেন, "মিছিলটি কখন, কোথায় হয়েছে—তা আমরা এখনও নিশ্চিত নই। রাতেই বিষয়টি জানতে পেরেছি, পুলিশ আজ সকালে অনুসন্ধান শুরু করেছে।"