জাফর ইকবালকে হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন
লেখক-শিক্ষক মুহাম্মদ জাফর ইকবালকে চার বছর আগে হত্যাচেষ্টার দায়ে হামলাকারীর যাবজ্জীবন সাজার আদেশ হয়েছে। তার সঙ্গে আরেকজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ভারাস পেয়েছেন চারজন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু জানান।
যাবজ্জীবন সাজা পেয়েছেন ফয়জুল হাসান। আর চার বছরের কারাদণ্ড হয়েছে তার বন্ধু সোহাগ মিয়ার।
খালাস পেয়েছেন ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল।
ওই ঘটনায় সেদিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়।
হামলাকারী ফয়জুলের যাবজ্জীবন সাজা ছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। আর সোহাগ মিয়াকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তার শাস্তি তিন মাসের কারাদণ্ড।