ইউক্রেনে ১৩৫১ জন সেনা মারা গেছে: রাশিয়া
এক মাসের বেশি হয়ে গেল ইউক্রেনে চলছে রাশিয়ার সামিরক অভিযান। এই অভিযানে তারা নিজেদের কতো সৈন্য হারিয়েছে? রাশিয়ার বাইরে সংখ্যা নিয়ে নানা খবর। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার জানালো হতাহতের সংখ্যা। তাদের দাবি, ২৪ ফেব্রুয়ারি থেকে শুক্রবার (২৫ মার্চ) পর্যন্ত তাদের মোট এক হাজার ৩৫১ সেনা নিহত হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাশিয়ার জেনারেল স্টাফের উপপ্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কোয় বলেছেন, বিশেষ এই সামরিক অভিযানে তারাও তাদের অনেক যোদ্ধাকে হারিয়েছেন। ‘আজ পর্যন্ত ১ হাজার ৩৫১ সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৩ হাজার ৮২৫-’ জানিয়েছেন তিনি।
এই অভিযান চলাকালে নিখোঁজ হওয়া কিংবা ইউক্রেনের হাতে ধরা পড়া সেনার সংখ্যা রাশিয়ার এই কর্মকর্তা জানাননি।
রুদস্কোর কথা অনুযায়ী গেল এক মাসের অভিযানে ইউক্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তাদের প্রায় ৩০ হাজার সেনা হতাহত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার সেনা নিহত হয়েছেন বলে ওই কর্মকর্তার দাবি। বাকিরা আহত হয়েছেন বলে অনুমান।
রুদস্কো বলেন, এই অভিযানে তাদের হাতে ইউক্রেনের ১ হাজার ৬০০ ট্যাংক ও নানা সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। রাশিয়ার এই কর্তা আরো দাবি করেন যে তাদের বাহিনী ইউক্রেনের বিমান ও বিমান-বিধ্বংসী বাহিনীর প্রায় সবটা ধ্বংস করে দিয়েছে। নৌবাহিনী আর নেই বলতে গেলে।
এদিকে ইউক্রেন অবশ্য বলছে, এক মাসের যুদ্ধে রাশিয়া প্রায় ১৬ হাজার সৈন্য হারিয়েছে। তাদের কয়েকশ ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ইউক্রেনের বাহিনী ধ্বংস করে দিয়েছে।
এই যুদ্ধে এখন অব্দি ইউক্রেনের ক্ষয়ক্ষতি কেমন? সেটা তারা চেপে যাচ্ছে বলতে গেলে। সবশেষ মার্চের মাঝামাঝি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তারা ১ হাজার ৩০০ এর মতো সৈন্য হারিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পর ইউক্রেনের বেশ কয়েকটি বড় শহরের পতন ঘটে। রুশ সৈন্যরা রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে।