শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় মাত্র ৫ শতাংশ সুড়ঙ্গের ক্ষতি হয়েছে: হামাস

অনলাইন নিউজ পোর্টাল • 27 মে 2021, 10:03 রাত • 637 বার পঠিত
ইসরায়েলি হামলায় মাত্র ৫ শতাংশ সুড়ঙ্গের ক্ষতি হয়েছে: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাসের সব গোপন সুড়ঙ্গ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছিলো দখলদার ইসরায়েলি বাহিনী। তবে এই হামলায় প্রকৃত পক্ষে মাত্র পাঁচ শতাংশ সুড়ঙ্গের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হামাস।

বুধবার হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এক বিবৃতিতে জানান, তাদের ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের গোপন সুড়ঙ্গ পথে ১০ হাজার যোদ্ধা রয়েছে, যারা ইসরায়েলি আক্রমণ প্রতিরোধে প্রস্তুত।

তিনি আরো বলেছেন, হামাস প্রতি মিনিটে ১০০ থেকে ২০০ কিলোমিটার পাল্লার ১০০ বা তারচেয়েও বেশি রকেট ছোড়ার সামর্থ্য রাখে। তারা একসঙ্গে ৩০০টি রকেট ছোড়ার পরিকল্পনা করেছিলেন। যার বেশিরভাগেরই লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব। কিন্তু মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের প্রতি সম্মান দেখিয়ে তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসেন।

তিনি উল্লেখ করেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কোনো শর্ত সাপেক্ষে হয়নি এবং উভয়পক্ষ এ ব্যাপারে কোনো চুক্তি সই করেনি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের আক্রমণে ‘দ্য মেট্রো’ নামে পরিচিত হামাসের সুড়ঙ্গ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

তবে সিনওয়ার দাবি করেছেন, তাদের মাত্র পাঁচ শতাংশ সুড়ঙ্গ পথ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মেরামতের কাজ অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হবে।

ইসরায়েল দাবি করেছে, এবারের হামলায় তারা ১০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত সুড়ঙ্গ পথ ধ্বংস করেছে। তবে হামান নেতা সিনওয়ার তা অস্বীকার করেছেন।