ইসরায়েলি বাহিনীর গোপন অভিযানে তিন ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর গোপন অভিযানে তিন ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ফিলিস্তিনের দু’জন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কর্মকর্তার মরদেহ শনাক্ত করেছে। এদের একজনের নাম আদহাম ইয়াসের আলাউই (২৩) এবং অপরজন তায়সির ইসা (৩২)। নিহত তৃতীয় জনের নাম জামিল আল-আমুরি। তিনি ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন।
ইসরায়েলি বাহিনীর অভিযানে মুহাম্মাদ আল-বাজোউর (২৩) নামে আরেক ফিলিস্তিনি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সংগ্রহ করা একটি ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি কর্মকর্তারা একটি গাড়িরে পেছনে আশ্রয় নিচ্ছেন। সেখানে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। একজনকে চিৎকার করে বলতে শোনা যায় যে তারা ইসরায়েলি ‘গোপন’ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, আল-আমুরি একজন সাবেক বন্দী এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন সদস্য। তবে ফিলিস্তিনের কর্মকর্তারা এ তথ্য এখনও নিশ্চিত করেননি।