রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল ও পশ্চিম তীরে ঐক্যবদ্ধ ধর্মঘট শুরু করেছে ফিলিস্তিনিরা

অনলাইন নিউজ পোর্টাল • 19 মে 2021, 09:32 রাত • 705 বার পঠিত
ইসরায়েল ও পশ্চিম তীরে ঐক্যবদ্ধ ধর্মঘট শুরু করেছে ফিলিস্তিনিরা

গাজায় সামরিক আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরে ঐক্যবদ্ধ ধর্মঘট শুরু করেছেন ফিলিস্তিনিরা। উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ ও হামাস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই মঙ্গলবার শুরু হয় বিরল এ ধর্মঘট। এর অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠান।

অস্ত্রবিরতি কার্যকরে বিভিন্ন দেশের চাপ ও আলোচনা-সমালোচনার মধ্যেই ইসরায়েল-ফিলিস্তিনে বাড়ছে সহিংসতা। জোরালো হচ্ছে ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলন।

গাজায় বোমা হামলার পরিধি কমিয়ে আনতে ইসরায়েলকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অস্ত্রবিরতির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করছে মিসর। যদিও কোনো দিক থেকেই এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

বিশ্ব সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।মঙ্গলবার রাতে ২৫ মিনিটে গাজা উপত্যকায় ১২২টি বোমা ফেলেছে ইসরায়েলি বিমান।

ধর্মঘটের ফলে সব দোকানপাট বন্ধ থাকায় জেরুজালেমের ব্যস্ত প্রাচীন শহরে নেমে এসেছে সুনসান নীরবতা। বেশিরভাগ জায়গায় ধর্মঘট শান্তিপূর্ণ হলেও পশ্চিম তীরের কয়েকটি শহরে সহিংসতা হয়েছে। রামাল্লায় টায়ার পুড়িয়ে ক্ষোভ প্রদর্শন করেছেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি লক্ষ্য করে পাথর ছুড়েছেন অনেকে। জবাবে সেনারা কাঁদানে গ্যাস ছুড়লে অবিস্ফোরিত ক্যানিস্টার তুলে নিয়ে সেনাদের দিকেই উল্টো ছুড়ে মেরেছেন বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা।

বিক্ষোভের সময় অন্তত তিনজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছে দেড় শতাধিক ফিলিস্তিনি।

ইসরায়েলের মোট জনগোষ্ঠীর মাত্র ২০ শতাংশ ফিলিস্তিনি। তাদের সঙ্গে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবরুদ্ধ হাজারো মানুষের ঐক্যবদ্ধ ও সমন্বিত এ ধর্মঘট নজিরবিহীন। মূলত গাজায় ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করে ইসরায়েলের ইহুদিবাদী নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদই ধর্মঘটের লক্ষ্য।