ইসরাইলের নতুন নেতৃত্বে আশ্বস্ত নন ফিলিস্তিনিরা
নিজ ভূমিতে পরাধীন ফিলিস্তিনের সহস্র পরিবার। রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মেয়াদ শেষ হওয়া প্রায় নিশ্চিত হলেও ইসরাইলে নতুন যে নেতৃত্ব আসতে চলেছে তাতে ফিলিস্তিনিরা আশ্বস্ত নন। ইসরাইলে নতুন সরকার গঠনে বিরোধী নেতাদের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে প্রথম দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন নাফটালি বেনেট। এরপর প্রধানমন্ত্রী হবেন বর্তমান সংসদের বিরোধী নেতা ইয়াইয়া লাপিদ। -ডয়েচে ভেলে
সাম্প্রতিক সংঘাতের বেশিরভাগ দায় ফিলিস্তিনিদের বলে বৃহস্পতিবার মন্তব্য করেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নাফটালি বেনেট। ইসরাইলের গণমাধ্যমকে তিনি বলেন, সত্যটা অবশ্যই বলতে হবে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত, সেটা এলাকা নিয়ে নয়। ফিলিস্তিনিরা এখানে আমাদের অস্তিত্ব স্বীকার করে না এবং মনে হচ্ছে এই মনোভাব আরো অনেকদিন থাকবে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর একজন প্রতিনিধি বাসেম আল-সালহি বলছেন, যিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি নেতানিয়াহুর চেয়ে কম চরমপন্থি নন। তিনি কতটা চরমপন্থি তা প্রমাণের চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন তিনি।