ইসরাইলে নেতা বদলের সঙ্গে নীতির বদলের প্রত্যাশা ফিলিস্তিনিদের
ইসরাইলে ১২ বছরের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তারই একসময়কার সহকর্মী নাফতালি বেনেট।
কট্টর নেতানিয়াহু এক যুগ দেশ শাসন করেছেন। ফিলিস্তিনের নানা স্থানে ইহুদী বসতি স্থাপন করার ক্ষেত্রে কারও বাধা মানেননি নেতানিয়াহু।
সে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হলে ফিলিস্তিনিদের খুশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমতার পালাবদল নিয়ে খুব একটা আশাবাদী নন গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।
তারা মনে করেন, ইসরাইলে নেতা বদল হলেও নীতি বদল হবে বলে মনে হয় না। নেতানিয়াহুর জায়গায় যেই আসুক না কে তিনি ঠিকই তার পূর্বসূরির মতো ডানপন্থী অ্যাজেন্ডা বাস্তবায়ন করবেন।
প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানিজেশন (পিএলও)-এর প্রতিনিধি বাসেম আল সালিহ বলেন, নেতানিয়াহুর চেয়ে বেনেট মোটেই কম উগ্র নন। তিনি সম্ভাব্য সরকারে কতটা কট্টর হবেন, সেটিই এখন দেখার বিষয়।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা সংগঠন হামাস বলছে, ইসরাইলে কে ক্ষমতায় তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী—যে নামেই ডাকা হোক না কেন, ফিলিস্তিনিরা ইসরাইলের অনেকগুলো সরকারই দেখেছে। কিন্তু ফিলিস্তিনিদের অধিকারের কথা এলেই তারা বৈরী হয়ে যায়। সব সরকারেরই বৈরী সম্প্রসারণবাদের নীতি দেখা গেছে।