শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইমরানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

মোহাম্মদ খাইরুল আমিন • 03 এপ্রিল 2022, 03:08 দুপুর • 1,783 বার পঠিত
ইমরানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার পরামর্শের পর প্রেসিডেন্ট আরিফ আলভি আজ পার্লামেন্ট ভেঙে দেন।  

আজ রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে  দেওয়ার পরামর্শ দেন। এদিন পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার কাসিম সুরি বাতিল করে দেন। এরপর ইমরান জাতির উদ্দেশে এ ভাষণ দেন।  

ইমরানের ভাগ্য নির্ধারণের দিন ছিল আজ। সবকিছু তার বিরুদ্ধেই যাচ্ছিল বলে ভাবা হচ্ছিল। আর এদিন স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে সরকারবিরোধী দলগুলো। আর এ কারণে আজকের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

কিন্তু তিনি সংবিধানের ধারা তুলে আনেন। পার্লামেন্টে জানান, ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধানের ধারা ৫ এর পরিপন্থি। ওই ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব। 

গত বেশ কিছুদিন ধরে চলে আসা বিষয়টি শেষমেষ এভাবে পরিণতি পাওয়ায় ইমরানের খুশি হওয়ার কারণ আছে। তার প্রতি অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ায় দেশবাসীকে ইমরান অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ডেপুটি স্পিকার বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা বাতিল করে দিয়েছেন।

জনগণই সকল ক্ষমতার উৎস। এবং তাদের দিয়েই সবকিছু নির্ধারিত হওয়া উচিৎ। ইমরান এই মতবাদে প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘গণতন্ত্রীদের জনগণের কাছে যাওয়া উচিত এবং নির্বাচন হওয়া উচিত; জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় চায়।’