শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

হাতিয়ার মানুষ আমাকে নিরাপত্তা দেবে : আবদুল হান্নান মাসউদ

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2025, 11:12 রাত • 348 বার পঠিত
হাতিয়ার মানুষ আমাকে নিরাপত্তা দেবে : আবদুল হান্নান মাসউদ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শতাধিক মোটরসাইকেলের শোডাউন নিয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, তার নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই।

শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট এলাকায় বক্তব্য দেন তিনি। তিনি বলেন, "গত রাতে নোয়াখালীর এসপি ও ডিসি আমাকে ফোন দিয়ে জানিয়েছিলেন, ‘ওখানে যাওয়া আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, সেখানে অনেক সন্ত্রাসী আছে এবং আপনার ওপর হামলা হতে পারে।’ তারা আমাকে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি বলেছি, আমার জীবনে যা হওয়ার হোক, আমি যাবই। আমি কথা দিয়েছি, আমি যাব।"

তিনি আরও বলেন, "হাতিয়ার মানুষ আমাকে নিরাপত্তা দেবে, আমি তাদের সাথেই থাকব এবং তাদের নিয়েই নিরাপত্তার ব্যবস্থা করব।" তিনি জানান, স্থানীয় ওসি তাকে ফোন দিয়ে জানিয়েছিলেন যে তিনি ছুটিতে থাকায় নিরাপত্তার ব্যবস্থা করতে পারছেন না। তবে, এতে তিনি কোনো সমস্যা দেখেননি।

আবদুল হান্নান মাসউদ বলেন, "মোহাম্মদ আলী গ্রেপ্তার হওয়ার পর কিছু লোক চট্টগ্রাম ও ভোলা থেকে এসে নিজেদের হাতিয়ার সন্তান দাবি করছেন। কেউ কেউ বালু ও মাটির ব্যবসা শুরু করেছেন এবং নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। অথচ আমি মন্ত্রণালয়ে ঘুরে বেড়াচ্ছি ব্লকের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য দৌড়াদৌড়ি করছি। কিন্তু কিছু মানুষ রাস্তা ধ্বংসের ব্যবস্থা করছে। যেই প্লেটে খায়, সেই প্লেটেই ফুটো করছে—এটা অত্যন্ত দুঃখজনক।"

এর আগে, নদী ভাঙন রোধ ও নিরাপত্তা নিশ্চিতে আবদুল হান্নান মাসউদ নলের চর ভূমিহীন বাজার এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। তিনি দরবেশ বাজার ও প্রকল্প এলাকায় গরিব-দুঃখী মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।