গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক এবং অবাস্তব বলে মন্তব্য করেছেন এবং এ সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ২৬ ফেব্রুয়ারি, বুধবার, রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানিতে বক্তব্য রাখেন।
মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অবাস্তব। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিরত থাকেন।
হাতেম বলেন, শিল্পে গ্যাসের সরবরাহে এখনও সিস্টেম লস রয়েছে, যা মূলত চুরি এবং অবৈধ চুলার কারণে বেড়েছে। তিতাসের রিপোর্টে সিস্টেম লস ৪০ শতাংশ ছিল, তবে এখন ৭ শতাংশে নামানোর দাবি করেছে তারা। তিনি আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জের অবৈধ চুলাগুলোর সঙ্গে তিতাস জড়িত। তিনি বলেন, সিস্টেম লস কমালে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হতো না।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে অসুবিধা তৈরি করবে। বর্তমানে শিল্পে গ্যাসের দাম ৩০ টাকা, যা বেড়ে ৭৫ টাকা হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেন তিনি।
পেট্রোবাংলা এবং ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যার মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর জন্য যুক্তি হিসেবে বলা হয়েছে, এলএনজি আমদানি না করলে সরকারের ভর্তুকি বৃদ্ধি পাবে। বিইআরসি এই প্রস্তাবের ওপর গণশুনানি ও মূল্যায়ন করছে।
গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) মো. আব্দুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য পেট্রোলিয়াম ড. সৈয়দা সুলতানা রাজিয়া, সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার উপস্থিত আছেন।