শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত, আহত ৪০০

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 29 জুন 2025, 07:43 সকাল • 353 বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত, আহত ৪০০

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৪০০ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজা নগরের একটি স্টেডিয়ামের কাছে আশ্রয় নেওয়া হাজারো ফিলিস্তিনির মধ্যে শিশু-নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারান ইসরায়েলি বিমান হামলায়। সেখানে খালি হাতে মাটি খুঁড়ে মরদেহ খুঁজে বেড়ান স্থানীয়রা।

আল-শিফা হাসপাতালের কর্মীরা নিশ্চিত করেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। স্টেডিয়ামের আশপাশে থাকা তাঁবুগুলোর নিচে চাপা পড়ে গেছে অনেকে।

উত্তর গাজার আল-মাওয়াসি এলাকায় একটি আবাসিক ভবন ও তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন, যাঁদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। হতাহতদের স্বজনরা বলেন, হামলার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন।

একজন ফিলিস্তিনি নারী বলেন, ‘এই শিশুরা কেমন অপরাধ করেছে, যাদের ওপর এমন নির্মম হামলা চালানো হলো?’

এছাড়া জাফা স্কুলের পাশে তুফাহ এলাকায় বিমান হামলায় আরও আটজন নিহত হন, যাঁদের মধ্যে পাঁচজনই শিশু। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাবিব জানান, ওই হামলায় তাঁর বাবা, ভাতিজা এবং কয়েকজন প্রতিবেশী শিশুও নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় অংশ নারী ও শিশু।

তবে ইসরায়েলের পত্রিকা হারেৎজ সম্প্রতি এক গবেষণার বরাতে জানায়, প্রকৃত নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ছুঁয়েছে। ইউনিভার্সিটি অব লন্ডনের হোলোওয়ে কলেজের অর্থনীতিবিদ ও সংঘাত বিষয়ক গবেষক অধ্যাপক মাইকেল স্পাগাটের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়েছে।