শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাফফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছেছে 

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মে 2022, 12:09 দুপুর • 245 বার পঠিত
গাফফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছেছে 

মহান একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে গাফফার চৌধুরীর কফিন নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘হংস বলাকা’ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নামানোর পর গাফফার চৌধুরীর কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রীরা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গাফফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিমানবন্দরে এই সময়ে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ হাই কমিশন লন্ডন-এর সার্বিক তত্ত্বাবধানে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছায় গাফফার চৌধুরীর মরদেহ। 

গাফফার চৌধুরীর মরদেহ আজ দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সর্বস্তরের মানুষ যাতে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্য এই ব্যবস্থা। সেখানে তার প্রতি গার্ড অফ অনার প্রদান করা হবে। 

বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর  বেলা ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে মরদেহ আনা হবে। বেলা সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা এবং সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।