এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী
এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব পরীক্ষক খাতা ঠিকমতো দেখেননি তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবছর এসএসসির খাতা পুনঃমূল্যায়ন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর থেকে বোঝা যায়, খাতা মূল্যায়নে সমস্যা ছিল।
যেসব পরীক্ষক খাতা ঠিকমতো দেখেননি তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়া পরীক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রফেসর মো. লুৎফর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।