এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, নম্বর ৪৫ থেকে ৫৫
এই বছর এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২ ঘণ্টায়। আর পরীক্ষাগুলো বিষয়ভেদে হবে ৪৫ থেকে ৫৫ নম্বরে।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সইয়ে রোববার এই সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।
করোনা পূর্ববর্তী স্বাভাবিক সময়ে পরীক্ষাগুলো হতো ১০০ নম্বরে। এর সময়কাল থাকতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে আগের চেয়ে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হবে।
নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় থাকছে ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট।
জানা গেছে, পরীক্ষা কম নম্বরে হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। এ বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২২ আগস্ট।