শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল 

মোহাম্মদ খাইরুল আমিন • 04 মে 2022, 03:58 দুপুর • 267 বার পঠিত
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল 

কক্সবাজার শহরে এখন অসংখ্য মানুষের পদচারণা। পর্যটকের আনাগোনায় মুখরিত চারদিক। ঈদের ছুটিতে সৈকত নগরী আবার প্রাণ পেয়েছে। করোনাভাইরাস মহামারী পরিস্থিতি উন্নত হওয়ায় এবার ঈদের ছুটিতে কক্সবাজারে নেমেছে পর্যটকের স্রোত। 

এই শহর আর শহরের ব্যবসা করোনার কারণে দীর্ঘদিন মন্দার মধ্য দিয়ে গেছে। অনেকের ব্যবসা গেছে গুটিয়ে। যারা টিকে আছেন তাদের অনেকে বিরাট সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। শহরটির হোটেল-মোটেল ও পর্যটন ব্যবসায়ীরা অবশ্য এবার ঈদের আগে থেকে বুধ বেঁধেছিলেন। তারা আশা করছিলেন, এবারের ঈদে তাদের ব্যবসা হবে। আগেরকার দিনের মতো বাড়বে তাদের ব্যস্ততা।

বাস্তবে তাই ঘটেছে। টানা দুই বছর মানুষ করোনার কারণে একরকম বন্দি হয়েই ছিলেন। কক্সবাজার যাদের প্রিয় কিংবা এখানে যারা আসতে চেয়ে পরিকল্পনা করেছিলেন তাদের পরিকল্পনা পেছাতে হয়েছে বারবার। আর আগে থেকে একটা ট্রেন্ড ছিল। তা হলো, দুই ঈদের সময় দেশের প্রচুর মানুষ কক্সবাজারে যান বেড়াতে। সেই ট্রেন্ড এবার ফিরে এসেছে। 

তাতে করে একদিকে যেমন ব্যবসায়ীরা খুশি, অন্যদিকে বেড়াতে আসা মানুষের আনন্দের সীমা নেই। 

সৈকতে এখন মানুষ আর মানুষ। সরগরম। বিপুল সংখ্যক এই মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারও আছে। এখানকার ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা তাই অনেক দিন পর অবিরাম কাজ করে যাচ্ছেন। 

ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে মানুষের ঢল। এই জনস্রোত ও পর্যটকদের উপস্থিতি কক্সবাজারে আরো দিন তিনেক থাকবে বলে সংশ্লিষ্টদের ধারণা। 

বেসরকারি এক হিসেব বলছে, ঈদের দিন মঙ্গলবারই কক্সবাজারে প্রায় ৫০ হাজার পর্যটক এসেছেন। কক্সবাজারে হোটেল-মোটেল নেহাত কম নয়। তার ৮০ ভাগের বেশি ভাড়া হয়ে গেছে বলে কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি সূত্রে জানা গেছে। 

ঈদের দিন কক্সবাজারে ঘুরে দেখা গেছে, জনস্রোত। সৈকতের লাবনী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য। এই এলাকায় শুধু ঘুরতে আসা মানুষের সরব উপস্থিতি পাওয়া গেছে। 

এখানে আসলে যা হয় আর কি। সমুদ্রের বুকে সকালে সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্যাস্ত দেখার মতো অসম্ভব ভালো লাগার বিষয় অনেকে মিস করছেন না। অন্য সময় সমুদ্র স্নান চলছে। দুপরে যা বেশি।

সমুদ্রের পাড় ধরে বিকেল বেলা হেটে চলা মানুষের সংখ্যা কম নয়। ভিন্ন এক পরিবেশ পরিস্থিতিতে এসে উদাস হচ্ছেন কতো মানুষ। সৈকতের বালিয়াড়িতে ঘুরে বেড়ানো, ঘোড়ায় চড়া, ছাতার নিচে পারিবারিক বা রোমান্টিক সময় কাটানো, যার যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে আছেন। ছবি তোলার তো ধুম পড়েছেই। এমন মুহূর্তগুলোকে সারাজীবনের জন্য ফ্রেমবন্দি করে রাখতে কে না চান। 

দেশি পর্যটকদের পাশাপাশি অনেক বিদেশী পর্যটকদেরও দেখা যাচ্ছে কক্সবাজারে। তারাও এই জনসমুদ্রে নিজেদের মানিয়ে নিচ্ছেন। ঘুরে বেড়াচ্ছেন নিজেদের মতো করে। এই শহর আর সমুদ্রের সৌন্দর্য আকণ্ঠ উপভোগ করছেন। 

সংশ্লিষ্টরা মনে করছেন, শনিবার পর্যন্ত কক্সবাজারে এই বিপুল সংখ্যক মানুষের আনাগোনা অব্যাহত থাকবে। তাদের ধারণা, সব মিলে এই ঈদের ছুটিতে অন্তত ৫ লাখের মতো মানুষ কক্সবাজার ঘুরে যাবেন।