এবার ৪০০ ছাড়াল দৈনিক শনাক্ত
দেশে প্রতিদিন উল্লেখযোগ্য হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আরেক লাফে দৈনিক শনাক্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩৩ জন নতুন করোনা রোগী পাওয়া গেছে। অবশ্য এই সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।
গত ১৪ সপ্তাহের মধ্যে এই ৪৩৩ জন শনাক্ত হওয়া সর্বোচ্চ। আগের দিনের চেয়ে এই সংখ্যা ৭৬ জন বেশি। গতকাল ৩৫৭ জন শনাক্ত হয়েছিলেন। গত ৮ মার্চ ৪৪৬ জনের সংক্রমিত হওয়ার খবর মিলেছিল।
বাংলাদেশে গত ২৬ মার্চ রোজকার শনাক্ত ১০০’র নিচে নেমে গিয়েছিল। এর ধারাবাহিকতায় গত ৫ মে পাওয়া যায় মাত্র ৪ জন রোগী। কিন্তু ২২ মের পর থেকে রোজ সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে।
রোববার ১১ সপ্তাহ পর ফের দিনে শনাক্তের সংখ্যা ১০০ ছাড়ায়। সেদিন ১০৯ জন রোগী পাওয়া যায়। পরের দিন সোমবার পাওয়া যায় ১২৮ জন। মঙ্গলবার তা বেড়ে হয় ১৬২ জন। আর বুধবার তা ২০০ ছাড়িয়ে ২৩২ জন হয়ে যায়। ১৭ মার্চের পর ফের দৈনিক শনাক্ত ২০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার আগের দিনের চেয়ে ১৩৫ জন রোগী বাড়ে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশজুড়ে। এর মধ্যে ৪৩৩ জনের শরীরের করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এর মধ্যে ৩৮৫ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে পাওয়া গেছে ২৬ জন। এর বাইরে কক্সাবাজারে ৯ জন; নারায়ণগঞ্জে ৫ জন; কিশোরগঞ্জ ও যাশোরে ২ জন করে এবং গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, বগুড়ায় ১ জন করে নতুন রোগী পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। আগের দিন যা ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ।
নতুনদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন।
শেষ একদিনে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১৩১ জন রয়েছে।
সরকারি হিসেবে এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯৩ জন। এ নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন সেরে উঠলেন।