শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দ্বিতীয় বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 24 ফেব্রুয়ারি 2023, 08:27 রাত • 396 বার পঠিত
দ্বিতীয় বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ  হলো আজ শুক্রবার। এক বছরে এ যুদ্ধকে ঘিরে নানা সমীকরণে পট পরিবর্তন হয়েছে বিশ্ব রাজনীতির। এমন বাস্তবতায় পুরো বিশ্বে এ যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে।

ইউক্রেনে যুদ্ধের দামামা বাজার কয়েক সপ্তাহ আগেই ব্যাপক আকারে সামরিক মহড়ার মাধ্যমে অশনি সংকেত পাঠায় রাশিয়া। শঙ্কা সত্যি করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে দেশটি। সেদিন ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণ আর থেমে থেমে বিমান হামলার অ্যালার্ম বাজে ইউক্রেনে। আর ততক্ষণে পাল্টাতে শুরু করে বিশ্ব রাজনীতির দৃশ্যপটও।

যুদ্ধে এখন পর্যন্ত দুই দেশ হারিয়েছে লাখো সেনা ও সামরিক সরঞ্জাম। লড়াই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ইউক্রেনের হয়ে পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্র দেশগুলো। মস্কোর পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। এমন বাস্তবতায় পুরো বিশ্বে পড়ছে যুদ্ধের প্রভাব।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের জন্য ‘অপমান’ কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই হামলা আমাদের সম্মিলিত বিবেকের অবমাননা। এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জাতিসংঘ বলছে, ধ্বংসাত্মক যুদ্ধে অন্তত ৭ হাজার ১৯৯ জন বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন হাজার হাজার। সংখ্যাটি অনেক বেশি হতে পারে।

হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, যুদ্ধ শুরুর পর ১ কোটি ৮৬ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে। সবশেষ তথ্যে জানা গেছে, সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে। এছাড়া রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরো কয়েকটি দেশে শরণার্থী হিসেবে জায়গায়  হয়েছে ইউক্রেনীয়দের।