দক্ষিণ কোরিয়ায় আবারো বেড়েছে করোনার সংক্রমণ
দক্ষিণ কোরিয়ায় ফের বেড়েছে করোনার সংক্রমণ। দেশটির রাজধানী সিউল থেকে নতুন করে এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়াচ্ছে। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নতুন করে বিধিনিষেধ কঠোরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত নতুন করে ৩১৫ জন স্থানীয় সংক্রমণ ধরা ধরা পড়েছে। তাই দেশটিতে দ্বিতীয় দফায় করোনার আঘাত ঠেকাতে রবিবার থেকে বিধিনিষেধ জোরদার করা হচ্ছে।
করোনার ব্যাপক পরীক্ষা ও অ্যাডভান্সড কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে করোনার প্রথম দফার সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘনবসতিপূর্ণ রাজধানী সিউল ও এর আশেপাশের অঞ্চলগুলোতে ফের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে।
নতুন বিধিনিষেধ হিসেবে রবিবার থেকে সিউল এবং এর আশেপাশের কয়েকটি শহরে সামাজিক দূরত্ব জোরদার করা হয়েছে ও বৃহত্তর জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নাইটক্লাব, ক্যারাওকে বার, বুফে এবং সাইবার ক্যাফেগুলোও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া চার্চে ব্যক্তিগত কোনো ধরণের সমাবেশ বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন একটি অনিশ্চিত পর্যায়ে রয়েছি। আমরা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হতে দেখছি। ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করাই এখন আমাদের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, আমরা যদি প্রাথমিক পর্যায়ে ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণ না করি তবে এটি বৃহত্তর তরঙ্গ হিসেবে বাড়বে। এই মুহুর্তে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।