দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত অন্তত ৪৪৩
দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল (কেজেডএন) প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৪৩ জনের বেশি মানুষ মারা গেছেন। নিখোঁজ আছেন আরো অন্তত ৬৩ জন।
বন্যার কারণে এই প্রদেশের হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সেখানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় কর্মকর্তাদের ধারণা, এই বন্যায় তাদের অবকাঠামোগত ক্ষতির পরিমান ৬৮৪ মিলিয়ন ডলারের বেশি।
কেজেডএনের প্রাদেশিক প্রধান সিহলে জিকালালা জানান, মৃতের সংখ্যা সর্বশেষ বেড়ে ৪৪৩ হয়েছে। এখনো আরও অন্তত ৬৩ জন নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দারা আরও বৃষ্টির হপূর্বাভাস পেয়ে আতঙ্কিত।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় শনিবার রাতে জানিয়েছে, দুর্যোগের কারণে প্রেসিডেন্ট সৌদি আরব সফর পিছিয়ে দিয়েছেন। সঙ্কট মোকাবিলায় প্রেসিডেন্ট ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন।
কেজেডএনের প্রাদেশিক প্রধান একটি টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, প্রদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা।