দক্ষিণ আফ্রিকার ৪৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগছে
দক্ষিণ আফ্রিকার ১৩ টি দেশের প্রায় ৪৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগছে। খরা, বন্যা এবং করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে এ সংকট তৈরি হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে। এসএডিসি প্রতিবেদনে জানায়, দেশটিতে জলবায়ুর প্রভাব ও মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং দারিদ্রতার পরিমাণ ব্যাপকহারে বেড়েছে।
সংস্থাটি আরো জানায়, করোনার কারণে দেয়া বিধিনিষেধের ফলে ব্যবসায়িক কার্যক্রম, চাকরি ও রেমিট্যান্সের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। শহুরে দরিদ্রদের মধ্যে যারা অনানুষ্ঠানিক খাত অথবা স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালে এই অঞ্চলের প্রায় ৮ দশমিক ৪ মিলিয়ন শিশু পুষ্টিহীনতায় ভুগতে পারে। তাদের মধ্যে প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার প্রয়োজন হবে।
এসএডিসির সদস্য দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রায় সাড়ে চার লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুর সংখ্যাও ৭ হাজার ছাড়িয়েছে।