শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দিল্লির শ্মশানে দেহ পোড়ানোর হাহাকার

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 10:13 দুপুর • 666 বার পঠিত
দিল্লির শ্মশানে দেহ পোড়ানোর হাহাকার

ভারতে বর্তমান মারা গেছে দুই লাখ চার হাজার ৮১২ জন।
দেশটিতে গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৯০২ জন এবং মারা গেছে তিন হাজার ২৮৫ জন। এর আগের দিন ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৩৫ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৪ জন।

বুধবার দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা সাতশোতে পৌঁছে গেছে। আশঙ্কা, সংখ্যাটা শিগগিরই হাজার ছাড়িয়ে যাবে। শহরের বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে মরদেহের দীর্ঘ লাইন। ২০ ঘণ্টা কেটে যাচ্ছে আগুন পেতে। লাশ ছিঁড়ছে কুকুরে।

শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা না পেয়ে বরফ চাপা দিয়ে ৪৮ ঘণ্টাও বাড়িতে শব রেখে দিচ্ছেন স্বজনরা। কুকুরের দেহ পোঁতার জায়গা ব্যবহার করা হচ্ছে মৃত মানুষকে পোড়ানোর জন্য।

দিল্লিবাসীর প্রশ্ন, এ যদি নরক না হয়, তা হলে নরক ঠিক কী? দিল্লির সুভাষনগর শ্মশানে টিনের চালের নীচে সারি সারি চিতা জ্বলছে। উড়ছে ছাই।

কিন্তু সেই ছাই উড়ে পড়ছে পাশের যে চাতালে, সেই চাতাল ধরেই এখন মরদেহের সর্পিল রেখা। এক ঝলক তাকালেই মাচার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা অন্তত ১৫-২০ জনের দেহ চোখে পড়ে।

পাশের উঁচু বাঁধানো জায়গায় ঘি এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসে আছেন পরিজনরা। এক দু’ঘণ্টা নয়, ১৬ থেকে ২০ ঘণ্টাও বসে আছেন কেউ কেউ।

যে প্লাস্টিকের ব্যাগে মরদেহ মোড়া রয়েছে, তার উপর নাম, নম্বর লেখা। হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই একটানা বসে না থেকে পোড়া দেহের গন্ধ এবং ধোঁয়া থেকে বেরিয়ে মাঝেমধ্যে বাইরে ঘুরে আসছেন অনেকে।