ঢাকা শহরে প্রায় ১ কোটি ৩ লাখ মানুষের বসবাস
জনশুমারি প্রতিবেদন অনুযায়ী রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে সব মিলে ১ কোটি ২ লাখের বেশি মানুষ বসবাস করেন।
আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
জনশুমারি প্রতিবেদনে বলা হয়, দেশের সব বিভাগ মিলে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন মানুষ বসবাস করেন। এর মধ্যে পুরুষ ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন। নারী ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ জন। এ বিভাগে হিজড়ার সংখ্যা ৪ হাজার ৫৭৭ জন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার উত্তর সিটি করপোরেশনে জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫।
এই হিসেবে দুই সিটি করপোরেশন মিলে ঢাকার মোট বাসিন্দা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন।