ঢাবি এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে আজ বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় গুলির শব্দও শোনা গেছে।
আগেই ঘোষণা ছিল ছাত্রদলের। সেই অনুযায়ী তারা তাদের কর্মূসূচি পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। দুপুর ১২টার দিকের ঘটনা। ছাত্রদলকে ঠেকাতে প্রস্তুত ছিল ছাত্রলীগ। দোয়েল চত্বরের কাছে তারা ছাত্রদলের মিছিলকে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
গত মঙ্গলবার ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে তাদের মিছিল ঠেকিয়ে দিয়েছিল ছাত্রলীগ। সেদিন বেশ কিছু ছাত্রদল নেতা-কর্মী আহত হন। এরপর ছাত্রদলের পক্ষ থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যলয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
ছাত্রদল এদিন হাইকোর্টের মোড় থেকে দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরিকল্পনা করেছিল। মিছিল করে সেদিকে এগোয় তারা। কিন্তু দোয়েল চত্বরে আগে থেকেই উপস্থিত ছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিল সেখানে এসে বাধার মুখে পড়ে।
দুই দলই এদিন লাঠিসোটা, হকিস্টিক, রড, ভাঙা ইট নিয়ে তৈরি ছিল। দোয়েল চত্বরে পৌঁছানোর পর ছাত্রদলের ধাওয়ায় ছাত্রলীগ কিছুটা পিছু হটে। ছাত্রদলের মিছিল তাতে একটু এগিয়ে যায়। এই সময় ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এর পর ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিলে ছাত্রদলের মিছিলটা পিছু হটে। তারা ছত্রভঙ্গ হয়।
ছত্রভঙ্গ ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিতে থাকে ছাত্রলীগ। ছাত্রদলের অনেকে হাইকোর্ট চত্বরে ধুডে পড়েন। অনেকে প্রেসক্লাবে গিয়ে আশ্রয় নেন। যে যেদিকে পেরেছেন সেদিকে সরে গেছেন কর্মীরা।
পুলিশ ছিল এসব ঘটনাস্থলে। কিন্তু তাদের কোনো তৎপরতা ছিল না।