শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 12 মে 2022, 12:39 দুপুর • 250 বার পঠিত
ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের এক মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রফিকুলসহ মোট ৪৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে কোম্পানিটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড হয়েছে।

একই সঙ্গে রফিকুল আমিনকে দুই কোটি ও হারুন-অর-রশিদকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করা হয়। 

আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অংকের টাকা তুলে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রফিকুল, হারুনদের বিরুদ্ধে। ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়। তাদের বিরুদ্ধে দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান থানায় অর্থ আত্মসাতের মামলা দুটি করেন।

২০১৪ সালের ৫ মে তদন্ত শেষে আদালতে দুটি মামলারই অভিযোগপত্র দেয় দুদক। ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় আসামি করা হয় ৪৬ জনকে। রফিকুল ও হারুন দুই মামলাতেই আসামি।

অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে মাল্টি পারপাস কো-অপারেটিভ প্রোজেক্টের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাত করা হয় বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে। 

আর ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রোজেক্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ২ হাজার ৪৪৫ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকাই আত্মসাত করা হয়। 

এর মধ্যে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলাটি রায় হল। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।