শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩২৭

মোহাম্মদ খাইরুল আমিন • 27 আগস্ট 2023, 08:21 রাত • 353 বার পঠিত
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩২৭

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জন মারা গেছেন। এই রোগে ২০২৩ সালে মৃত্যু এখন সাড়ে পাঁচশ ছুঁই ছুঁই।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত একদিনে বেড়েছে। রবিবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩২৭ জন। 

রোববার স্থাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

চলমান বছরে ডেঙ্গুতে মৃত্যু ও এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগেই বিগত সব বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। 

এখন ঢাকার চেয়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা নিয়মিত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন
ভর্তি ২৩২৭ জনের মধ্যে ১৪০৭ জনই ঢাকার বাইরের।

এদিন স্থাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য থেকে জানা যায়, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯২০ জন রোগী।

এই সময়ে মারা যাওয়া ১১ রোগীর মধ্যে ঢাকার আটজন, বাইরের হাসপাতালগুলোতে মারা গেছেন তিনজন।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৪৮ জন ডেঙ্গুতে প্রাণ হারালেন। এর মধ্যে ঢাকা নগরীর হাসপাতালগুলোতে ৪০৪ জন এবং ঢাকার
বাইরে ১৪৪ জন মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল পর্যন্ত এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৫১১ জনে। এর ৬০ হাজার ১০২ জনই ঢাকার বাইরের। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪০৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২৯৯ জন রোগী ভর্তি আছেন। ঢাকায় ৩৯৪৫ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৩৫৪ জন হাসপাতালে ভর্তি।