শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনাভাইরাসে ১৭ জন আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 18 অক্টোবর 2022, 11:29 দুপুর • 454 বার পঠিত
চট্টগ্রামে করোনাভাইরাসে ১৭ জন আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ২২ দশমিক ৬৬ শতাংশ।
জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবে গতকাল চট্টগ্রামের ৭৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১৭ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের বাসিন্দা ১১ জন ও চার উপজেলার ৬ জন। উপজেলার ৬ জনের মধ্যে হাটহাজারী ও কর্ণফুলী উপজেলার ২ জন করে এবং সাতকানিয়া ও লোহাগাড়ার একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৯ হাজার ৩৬১ জন। সংক্রমিতদের মধ্যে ৯৪ হাজার ৩২৪ জন শহরের ও ৩৫ হাজার ৩৭ জন গ্রামের বাসিন্দা। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবরেটরিতে ২২ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ ও গ্রামের ৪ জনের রিপোর্ট পজিটিভ হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫  জনের নমুনা পরীক্ষায় শহরের একজন জীবাণুবাহক পাওয়া যায়। এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ নমুনার মধ্যে শহর ও গ্রামের একটি করে আক্রান্ত মিলে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ৯ নমুনায় শহরের ২ টিতে জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৫ নমুনায় শহরের একটিতে সংক্রমণ পাওয়া যায়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে পরীক্ষিত ৪ নমুনার সবগুলোরই পজিটিভ রেজাল্ট আসে। এখানে শহরের ৩ জন ও গ্রামের একজন রয়েছেন।

এছাড়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫ ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১ জনের নমুনা পরীক্ষা করা হলে কোনো আক্রান্ত শনাক্ত হয়নি।

এদিন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট করা যায়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, চমেকহা’য় ৩১ দশমিক ৮২ শতাংশ, মেডিকেল সেন্টারে ২০, এপিক হেলথ কেয়ারে ১৪ দশমিক ২৮, মেট্রোপলিটন হাসপাতালে ২২ দশমিক ২২, এশিয়ান স্পেশলাইজড হাসপাতালে ৬ দশমিক ৬৬ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে শতভাগ এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ও আরটিআরএলে ০ শতাংশ।