চড়া দামে তরমুজ বিক্রি করায় গুনতে হল জরিমানা
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 08:41 সকাল
•
216 বার পঠিত
কুষ্টিয়ায় বেশি দামে তরমুজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শহরের এমএস রোডের পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও রিজু তামান্না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন জানান, ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে বেশি দামে তরমুজ বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। কেজিপ্রতি ২০ টাকাও লাভ করছেন কেউ কেউ। এমন অভিযোগে শহরের এমএস রোডের পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে তরমুজ ব্যবসায়ী জামান ট্রেডার্সের মালিক মো. রবিউল ইসলামকে তিন হাজার, জহুরুল ইসলামকে দুই হাজার, আব্দুস সামাদকে তিন হাজার ও মনিরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।