ব্যাংক কর্মী সেজে ওটিপি নিয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ
ব্যাংকের কাস্টমার কেয়ারের কর্মী সেজে ফোন করে একজন ব্যবসায়ীর কাছ থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) সংগ্রহ করে তাঁর অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এই ঘটনায় রুহুল আমিন (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা এবং চক্রটির প্রধান বলে জানা গেছে।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ মামলাটির তদন্ত করছে। আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ব্যক্তি একজন ব্যবসায়ী এবং ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় তাঁর একটি হিসাব রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে প্রতারক চক্রের এক সদস্য তাঁকে ফোন করে নিজেকে ব্যাংকের কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তিনি জানান, ব্যবসায়ীর অ্যাকাউন্টে কিছু টাকা জমা হবে এবং এ বিষয়ে নিশ্চিত করতে মোবাইলে পাঠানো একটি ওটিপি নম্বর দিতে হবে। সরল বিশ্বাসে ব্যবসায়ী সেই ওটিপি দিয়ে দেন। এরপর কয়েক ধাপে ওই ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা তুলে নেয় চক্রটি।
ঘটনার পর ভুক্তভোগী রমনা মডেল থানায় একটি মামলা করেন। তদন্তভার পেয়ে সিআইডি প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুল আমিনকে শনাক্ত করে। আজ সকাল ৯টার দিকে ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, রুহুল আমিনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।