ব্রিটিশ কোম্পানির নকশায় হয়েছে ভাসানচরের উন্নয়ন
ভাসানচরে বসবাসের উপযোগী করার নকশা তৈরি করেছে একটি ব্রিটিশ কোম্পানি। দ্বীপটি স্থিতিশীল কিনা সেটি পরীক্ষা করে এর উন্নয়ন নকশা প্রণয়ন করে যুক্তরাজ্যের এইচআর ওয়ালিংফোর্ড। এর ভিত্তিতে ভাসানচরে আবাসন তৈরি ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাসানচরের অবকাঠামো উন্নয়নের জন্য কয়েকটি বিখ্যাত আন্তর্জাতিক কোম্পানির সহায়তা নেয়া হয়। এর মধ্যে দ্বীপটির স্থিতিশীলতা পরীক্ষা এবং এর উন্নয়ন নকশা প্রণয়ন করে এইচআর ওয়ালিংফোর্ড।
ওয়ালিংফোর্ড বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধের জন্য ১২ দশমিক এক কিলোমিটার লম্বা বাঁধের নকশা তৈরি করে। একইসঙ্গে তারা আগাম দুর্যোগের তথ্য পাওয়ার জন্য নজরদারি সিস্টেম তৈরি করে, যাতে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া যায়।
ভাসানচরের অবকাঠামো যে যথেষ্ট শক্তিশালী সেটি ঘূর্ণিঝড় আম্ফানের সময় প্রমাণিত হয়েছে। তারপরেও দুর্যোগের পরিস্থিতি বেশী মাত্রায় খারাপ হবার সম্ভাবনা থাকলে বা হলে, সেখান থেকে যথাসময়ে লোকজনকে সরিয়ে নেয়ার পরিকল্পনাও সরকারের আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩০ বছরের পুরনো এ দ্বীপ সম্পূর্ণ নিরাপদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এখানে পানি, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক কর্মকাণ্ড, সাইক্লোন শেল্টারসহ অন্যান্য ব্যবস্থা রয়েছে।