শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরগুনায় ডেঙ্গু সংকট: তিন মাসে নিয়ন্ত্রণহীন সংক্রমণ

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 29 জুলাই 2025, 07:35 বিকাল • 286 বার পঠিত
বরগুনায় ডেঙ্গু সংকট: তিন মাসে নিয়ন্ত্রণহীন সংক্রমণ

বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে বরগুনায় গত তিন মাস ধরে সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে। স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, জুলাই মাসজুড়ে ভারি বৃষ্টিপাতের কারণে সংক্রমণ আরও মারাত্মক রূপ নিতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ছুঁইছুঁই। মঙ্গলবার পর্যন্ত সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯০৪ জন, যার মধ্যে প্রায় ৫৯ শতাংশ—৪ হাজার ৬৬৩ জনই বরগুনার বাসিন্দা। বিভাগের মোট ১৭ জন মৃত্যুর মধ্যে বরগুনাতেই মারা গেছেন ৬ জন। আরও ৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে, যাঁদের নাম সরকারি নথিপত্রে নেই।

সর্বশেষ রোববার বরগুনার সদর উপজেলার সেলিম মিয়া (৭০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে জুলাই মাসে আরও কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। মে মাসের শুরু থেকে বরগুনায় ডেঙ্গুর ব্যাপক বিস্তার শুরু হয়, যা এখনও অব্যাহত আছে।

সরকারি সংস্থা আইইডিসিআর-এর এক জরিপে দেখা গেছে, বরগুনা পৌর এলাকার ৩১ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা রয়েছে। গ্রামীণ অঞ্চলে ‘ব্রুটো ইনডেক্স’ (বিআই) ১৬৩, যা ডেঙ্গু বিস্তারের মারাত্মক সতর্কসংকেত হিসেবে বিবেচিত।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে নতুন করে ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৬ জন বরগুনা সদর হাসপাতালেই ভর্তি। বিভাগজুড়ে বর্তমানে ৩১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি বরগুনার।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বরগুনায় সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিকিৎসার পাশাপাশি ব্যক্তি সচেতনতা ও উদ্যোগ জরুরি।