বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব
অনলাইন নিউজ পোর্টাল
•
02 নভেম্বর 2021, 05:27 বিকাল
•
472 বার পঠিত
বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার এই জাদুঘরটি চালু করবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
উড়োজাহাজে চড়ে বিশেষ এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। দর্শনার্থীরা রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন।
জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকা সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।
জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন, যেটি চলতি বছর মুক্তি পেয়েছে।
কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।