শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিপুল পরিমাণ নকল ঔষধসহ দুইজন গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মার্চ 2022, 07:08 বিকাল • 410 বার পঠিত
বিপুল পরিমাণ নকল ঔষধসহ দুইজন গ্রেফতার

বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ঔষধসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। খবর সংবাদ বিজ্ঞপ্তির। 

গ্রেফতারকৃতরা হলেন- ঔষধ বিক্রেতা মো. আলী আক্কাস শেখ ও ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস এর মালিক গিয়াস উদ্দিন আহমেদ।

বুধবার রাজধানীর চকবাজার, ফকিরাপুল ও চুয়াডাঙ্গার দর্শণা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ডিবির লালবাগ বিভাগের কোতায়ালী জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চকবাজারের মদিনা চাঁন সরদার কোল্ড স্টোরেজ এর এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি (কুরিয়ার সার্ভিস) থেকে ২ লাখ ১১ হাজার ৬৮০ পিস পেন্টনিক্স ২০ ট্যাবলেট ও ১৮ হাজার পিস মোনাস ১০ ট্যাবলেট উদ্ধার করে।

পরে তাকে নিয়ে ফকিরাপুলের আরামবাগ থেকে গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। ডিবির এ কর্মকর্তা বলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শণা থানার পৌরসভার একটি বিল্ডিংয়ের নিচ তলায় গিয়াস উদ্দিন আহমেদ ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস নামে আয়ুর্বেদী ব্যবসার আড়ালে নকল পেন্টনিক্স ২০, মোনাস ১০ ট্যাবলেটসহ আরও অন্যান্য ব্র্যান্ডের ঔষধ উৎপাদন করে থাকে। এসব নকল ঔষধের মূল ডিলার মো. আলী আক্কাস শেখের মাধ্যমে সিন্ডিকেটের সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধগুলো বিক্রিয় করে আসছিলো।

তিনি বলেন, এই সকল ঔষধে কার্যকরী কোন উপাদান থাকে না। নন ফার্মাসিউটিক্যালস গ্রেডের এসব কেমিক্যাল সেবনের ফলে মানুষের কিডনী, লিভার, হৃদযন্ত্র এবং শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, ‘রমজান ও ঈদকে কেন্দ্র করে এসব ভন্ড প্রতারকদের দৌরাত্ম বেড়ে যায়। তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।