শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিচারপতি পরিচয়ে প্রটোকল নিয়ে বাড়ি ফিরে আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মে 2022, 04:54 দুপুর • 211 বার পঠিত
বিচারপতি পরিচয়ে প্রটোকল নিয়ে বাড়ি ফিরে আটক

অন্যরকম এক প্রতারণা করলেন বিপ্লব প্রধান। নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতির পরিচয় দিলেন। একটি গাড়ি ভাড়া করে চাঁদপুরের মতলবে যাওয়ার পর বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধাও নিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভুয়া বিচারপতি সেজে প্রতারণার দায়ে তাকে আটক করেছে পুলিশ। 

মতলবে ঠিকঠাক পৌঁছেছিলেন ৪০ বছর বয়সী এই প্রতারক বিপ্লব। কুমিল্লা পুলিশের কাছ থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে জানতে পেরে মতলব দক্ষিণ থানার পুলিশ বিপ্লবকে প্রটোকল দিয়েই তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে যাওয়ার পরই বিপত্তি। পুলিশ সব জেনে যায়। 

আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে। আটক হওয়া প্রতারক বিপ্লব মতলব উপজেলার উত্তর দিঘলদি গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। বিপ্লব আসলে তার এলাকায় একটা গ্রিল ও আলমারি তৈরির কারখানায় কাজ করেন। পেশায় শ্রমিক। 

মতলব থানা সূত্রে জানা যায়, প্রটোকল দিয়ে বিপ্লবকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর সন্দেহ জাগে। তার বাড়ির অবস্থা ও অন্যান্য কিছু বিষয় সন্দেহ তৈরি করে। এরপর বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হয়। একসময় নিজেকে ভুয়া বিচারপতি হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করে নেন তিনি। 

এলাকার সূত্রে জানা যায়, আগেও বিপ্লব মজা করে নানা ঘটনা ঘটিয়েছেন। এলাকার কেউ কেউ দাবি করেন, বিপ্লব মানসিকভাবে অসুস্থ।