শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বেলারুশে ভোট চুরির প্রতিবাদে রাস্তায় নেমে সাধারণ মানুষ

অনলাইন নিউজ পোর্টাল • 17 আগস্ট 2020, 08:25 রাত • 1,244 বার পঠিত
বেলারুশে ভোট চুরির প্রতিবাদে রাস্তায় নেমে সাধারণ মানুষ

বেলারুশের সাধারণ মানুষ ভোট চুরির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো এবারের নির্বাচনে তাদের ভোট চুরি করেছেন। তাই তার অপসারণের দাবিতে লক্ষাধিক মানুষ রাজপথে বিক্ষোভ করছেন।

রবিবার দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্কো একটি জনসভা করেন। সেখানে বিরোধীদের আবার ভোট করার দাবি তিনি খারিজ করে দিয়েছেন। উল্টো অভিযোগ করেছেন ন্যাটোর বিরুদ্ধে। তার দাবি, ন্যাটো রেলারুশের সীমান্তে কামান ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।

বেলারুশের ৬৫ বছর বয়সী প্রেসিডেন্ট বলেন, আমাকে রক্ষা করার দরকার নেই। আপনারা দেশকে রক্ষা করুন'। প্রেসিডেন্টের জনসভায় ছিলেন হাজার পাঁচেক মানুষ। তিনি যখন দেশরক্ষার আহ্বান জানাচ্ছেন, তখন বেলারুশের বিভিন্ন শহরে লাখো লোক রাস্তায় নেমেছেন তাকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে।

প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী শ্বেতলানা এখন লিথুয়ানিয়াতে আছেন। তার দাবি, আবার ভোটগণনা করতে হবে। আর ক্ষমতার হস্তান্তরের জন্য একটা জাতীয় পরিষদ গঠন করতে হবে।

ন্যাটো জানিয়েছে, তারা বেলারুশের পরিস্থিতির ওপর নজর রাখছে, কিন্তু তারা পূর্ব ইউরোপে নতুন করে সামরিক উপস্থিতি বাড়ায়নি। ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, পূর্ব ইউরোপে জোটের যে বহুজাতিক উপস্থিতি আছে, তা কাউকে বিপদে ফেলার বা ভয় দেখানোর জন্য নয়। ওটা আত্মরক্ষার জন্য এবং কেউ যাতে শান্তি ভঙ্গ করতে না পারে এবং কোনো বিরোধ যাতে না হয় তার জন্য।