শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বেলারুশে আন্দোলন ঠেকাতে পুলিশ বাহিনী প্রস্তুত রেখেছে রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2020, 11:28 দুপুর • 235 বার পঠিত
বেলারুশে আন্দোলন ঠেকাতে পুলিশ বাহিনী প্রস্তুত রেখেছে রাশিয়া

বেলারুশে সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে বিশেষ পুলিশ বাহিনী প্রস্তুত রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অনুরোধে তিনি এ বাহিনীকে প্রস্ততি নিতে বলেন। প্রয়োজনে সঙ্গে সঙ্গে এই বিশেষ পুলিশ বাহিনী বেলারুশে পাঠানো হবে বলেছেন পুতিন। সাম্প্রতিক সময়ে রুশ সরকার বেলারুশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বার বার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। 

রাশিয়ার এক টিভি সাক্ষাতকারে পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো আমাকে একটি পুলিশ বাহিনী প্রস্তুত রাখতে বলেছেন এবং আমি তাই করেছি। তবে তিনি এটাও নিশ্চয়তা দিয়ে বলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে ব্যবহার করা হবে না।

গত ৯ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বেলারুশে তীব্র বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি করে গত কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে সাংবাদিকরাও। 

পুতিন বলেন, বেলারুশ ও রাশিয়ার সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়। দেশটিতে সংকট শুরু হয়েছে। এতে উগ্রপন্থী গ্রুপগুলো নির্দিষ্ট সীমা অতিক্রম করে রাজনৈতিক স্লোগান ব্যবহার করছে। এরা সশস্ত্র ডাকাতি শুরু না করলে এবং গাড়ি, ঘরবাড়ি, ব্যাংকে আগুন লাগিয়ে সরকারি ভবন দখল করার চেষ্টা না করলে রাশিয়ার বাহিনী বেলারুশে প্রবেশ করবে না।