আর মাত্র ৫ শতাংশ কাজেই পদ্মাসেতু হবে স্বয়ংসম্পূর্ণ
স্বপ্নকে বাস্তবে রূপদানের এক মেগা প্রকল্প হচ্ছে পদ্মাসেতু। যা মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ৭৫ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ৫০ শতাংশ। অর্থাৎ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণে কাজ বাকি রয়েছে আর মাত্র সাড়ে ৫ শতাংশ।
এদিকে, সেতুর সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ এরই মধ্যে শতভাগ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে এক হাজার ৪৯৯ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ খাতে বরাদ্দ চার হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা। অন্যান্য (পরামর্শক, সেনা নিরাপত্তা, ভ্যাট ও আয়কর, যানবাহন, বেতন ও ভাতাদি এবং অন্যান্য) খাতে বরাদ্দ দুই হাজার ৮৮৫ কোটি ৩৬ লাখ টাকা।
অন্যদিকে, মূল সেতুর কাজের চুক্তিমূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। যার মধ্যে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা। আগামী ১০ মাসের মধ্যে মূল সেতুর বাকি কাজ প্রায় এক হাজার ২২৭ কোটি টাকা দিয়ে সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।