শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই দাবি চরমোনাই পীরের

মোহাম্মদ খাইরুল আমিন • 26 আগস্ট 2025, 10:02 রাত • 273 বার পঠিত
আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই দাবি চরমোনাই পীরের

বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে “ফ্যাসিস্ট সরকার” তৈরি হয় অভিযোগ করে আগামী জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

চরমোনাই পীর বলেন, “বাংলাদেশের নির্বাচন পদ্ধতির কারণে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। পিআর পদ্ধতির নির্বাচন হলে প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন হবে। তখন আর ফ্যাসিস্ট তৈরি হবে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। এতে দেশ সুন্দর হবে, খুনি-চাঁদাবাজ-দুর্নীতিবাজ আর তৈরি হবে না।”

তিনি আরও বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তারা এ পদ্ধতি থেকে সরে যায়নি। তাই আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম অভিযোগ করেন, “আপনি সরকারে আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনটি—সংস্কার, দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন। কিন্তু সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। মনে হচ্ছে আপনার ওপর অচেনা জিন সওয়ার হয়েছে। তবে আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দেব না।”

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ। এতে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা সভাপতি এস এম আহসান হাবিব।