আদালত অবমাননার দায়ে ইমরান খানের বিচার শুরু হচ্ছে
ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর মধ্যে গতকাল সোমবার আদালত এ সংক্রান্ত নোটিশ গ্রহণ করেছেন।
আদালতের রেজিস্ট্রার জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকির অভিযোগ উত্থাপন করেন। অভিযোগটি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আনা হলে সেটি অন্য বিচারকদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত আসে। ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারির সিদ্ধান্ত নেন ইসলামাবাদ হাইকোর্ট।
আজ মঙ্গলবার ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মামলায় অভিযোগ করা হয়, গত শনিবার রাজধানী ইসলামাবাদে একটি সমাবেশে ইমরান খান উল্লেখিত হুমকি দেন। পর দিন এই মামলাটি করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমরান খানকে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের লিখিত অনুমোদন চায়।
ইমরান খান এই মামলায় সোমবার তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন।