৮৬ ঘণ্টা পর নিভেছে সীতাকুণ্ডের আগুন
সীতুকণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুন পুরোপুরি নেভানো গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্নেল আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে এই কথা জানান।
৮৬ ঘণ্টা পর নিভল আগুন।
লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকেই আগুন পুরোপুরি নিভেছে। কোথাও আর আগুন জ্বলছে না।
তিনি এটা নিশ্চিত করেন যে পুরো ডিপোর সব জায়গার আগুন নিভেছে। তারা খুঁজে দেখেছেন। আর কোথাও কোনো মরদেহ পাওয়া যায়নি। তবে তারা আরো খোঁজ করবেন। অনেক কন্টেইনার পুড়ে দুমড়ে মুচড়ে গেছে। সেগুলো ক্রেনের মাধ্যমে সরিয়ে দেখা হবে তার নিচে কিছু আছে কি না।
চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কন্টেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টেইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। গত চারদিন ধরে অমানুষিক পরিশ্রম করে গেছেন কর্মীরা।
এই দুর্ঘটনায় অন্তত আড়াইশত মানুষ আহত হয়েছেন। মারা গেছেন ৪৪ জন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।