শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা করছে পিএসসি

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 09:20 রাত • 227 বার পঠিত
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা করছে পিএসসি

সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর কারণে ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার পিএসসি সূত্র জানায়, সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেয়া হবে না। আগামী কমিশনের সভা শেষে পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করা হবে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, আগামী ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী। যদি এটা ঠিক থাকে তাহলে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হবে। কারণ এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ৪৩তম বিসিএস আবেদন চায় পিএসসি। এর মধ্যে প্রশাসনে ৩০০, পুলিশ ১০০, পররাষ্ট্র ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, তথ্যে ২২, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন।

কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির অনুরোধ এবং করোনার কারণে এই আবেদনের সময়সীমা দুই দফায় চার মাস বৃদ্ধি করে পিএসসি। ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আবার তা দুই মাস বাড়ানো হয়। সে অনুসারে মে মাসের শেষদিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।