শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪০তম বিসিএসে ১৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 30 মার্চ 2022, 03:26 দুপুর • 364 বার পঠিত
৪০তম বিসিএসে ১৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এদিন দুপুরে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। 

প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২ ও পশুসম্পদে ১২৭ জনসহ মোট ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

৪০তম বিসিএস পরীক্ষা করোনভাইরাস মহামারির কারণে বারবার বাধাগ্রস্থ হয়েছে। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ২০১৯ এর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, যদিও আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।

২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। পাস করেন ২০ হাজার ২৭৭ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। তাতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। করোনার কারণে মৌখিক পরীক্ষা কয়েকবোর পিছিয়েছে। পরে কয়েক ধাপে নেওয়া হয় সেই পরীক্ষা।