শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩ জুন জাতীয় সংসদে বাজেট পেশ

অনলাইন নিউজ পোর্টাল • 21 মে 2021, 11:41 দুপুর • 731 বার পঠিত
৩ জুন জাতীয় সংসদে বাজেট পেশ

আগামী ৩ জুন ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশ (উপস্থাপন) করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার আগে ২ জুন বিকেল ৫টায় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। পরদিন অর্থমন্ত্রী প্রস্তাব পেশ করলে তার ওপর আলোচনা শুরু হবে। 

গত ১১ মে এবারের বাজেট অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনা মহামারির মধ্যে গত বছরের মতো এবারো বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এবারো স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে হবে। ফলে সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষেপ করে আনতে হবে। সব মিলিয়ে অধিবেশন ১৩-১৪ কার্যদিবস চলতে পারে ।

অধিবেশনের শুরুর দিন প্রয়াত এমপি আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব তোলার পর তার ওপর আলোচনা হবে। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে।

৩ জুন বিকেল ৩টায় সংসদের বৈঠক বসতে পারে। সেদিনই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর দুদিন বিরতি দিয়ে আবার বসতে পারে অধিবেশন। তবে বাকি সময় অধিবেশন সকালে নাকি বিকেলে হবে, সে সিদ্ধান্ত চূড়ান্ত এখনো হয়নি।

প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ৩০ জুনের আগে পাস করার রেকর্ড সাধারণত নেই। এবারের অধিবেশনও মাঝে বিরতি দিয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে।

বাজেট উপস্থানের আগে একই দিনে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসবে। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়।

মন্ত্রিসভার বৈঠকের পর অর্থ বিল যায় রাষ্ট্রপতির কাছে। অর্থবিল সংসদে তোলার আগে রাষ্ট্রপতির সই নিতে হয়। সাধারণত বাজেট পেশের আগে রাষ্ট্রপতি সংসদেই অবস্থান করেন।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট হচ্ছে ২০২১-২২ অর্থবছরের বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশ বাজেট।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন। সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।